হাকিম আবুল কাসেম ফেরদৌসি তুসি পারস্যের জাতীয় মহাকবি। দীর্ঘ ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে রচিত তাঁর অমর মহাকাব্য শাহনামা (রাজাদের ইতিহাস) ফারসি ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে চিরঞ্জীব মর্যাদায় আসীন করেছে।

بسی رنج بردم در این سال سی
عجم زنده کردم بدین پارسی

‘এই দীর্ঘ ত্রিশটি বছর আমি কত কষ্ট সহ্য করেছি,
এই মধুর ফারসি ভাষার মাধ্যমে আমি সমগ্র অনারব পারস্যকে চিরঞ্জীব করেছি।’

শাহনামায় প্রায় ৬০,০০০ পঙ্‌ক্তি রয়েছে, যা পারস্যের পৌরাণিক যুগ, বীরত্বপূর্ণ যুদ্ধ এবং ঐতিহাসিক রাজন্যবর্গের কাহিনী চিত্রিত করে। বিশ্বসাহিত্যে হোমারের ইলিয়াড ও ওডিসি-র সাথে শাহনামা সমমর্যাদায় উচ্চারিত হয়।